বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে নবাগত ক্লাব বসুন্ধরা কিংস। ভিন্ন ম্যাচে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এ নিয়ে টানা দুই ম্যাচ হারল সাদা কালোরা।
বুধবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে নোফেল স্পোর্টিংকে ২-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। অন্য দিকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাসার্দ ইউনিয়নের কাছে একমাত্র গোলে হেরে যায় মোহামেডান।
বসুন্ধরা কিংসকে এদিন জয় এনে দিয়েছেন দুই দেশ ফুটবলার। ২৩ মিনিটে মতিন মিয়ার গোলে লিড পায় দলটি। ৮৫ মিনিটে গোল করেন ইমন বাবু।
মোহামেডানকে দুঃস্বপ্ন উপহার দেন জ্যাক ড্যানিয়েলস। তিনি গোল করেন ম্যাচের ৫১ মিনিটে। টিম বিজেএমসিকে হারিয়ে লিগ শুরু করার পর দ্বিতীয় ম্যাচে আরামবাগের কাছে ৪-১ গোলে হেরেছিল মোহামেডান।
দু’দিন বিরতি দিয়ে শনিবার থেকে মাঠে গড়াবে লিগের চতুর্থ রাউন্ডের খেলা।