নির্বাচনী দাঙ্গায় গত ডিসেম্বরে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ৯০০ মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। দেশটির মাই-দোমবে প্রদেশের উম্বি শহরে বুনুনু এবং বাতেন্দে সম্প্রদায়ের মধ্যে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার এই নিহতের ঘটনা ঘটে। গত মঙ্গলবার জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দলের মুখপাত্র দেশটির উত্তর-পশ্চিম এলাকায় ১৫টি কবরস্থান ও ৪৩টি একক কবর দেখার কথা জানিয়েছেন। জাতিসংঘের অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন কঙ্গো (এমওএনইউএসসিও) উম্বি ও কাছাকাছি শহর বোনগেন্দেতে ওই কবরস্থানের সন্ধান পায়।
দাঙ্গায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি সংস্থাটির মুখপাত্র ফ্লোরেন্স মার্শাল। এর আগে রাজধানী কিনশাসায় তিনি বলেন, ‘দুঃসহ ওই পরিস্থিতিতে নারী, শিশুসহ কয়েক শ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।’ গত ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলা রক্তক্ষয়ী সহিংসতায় অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে কয়েক হাজার মানুষ বাড়ি ছেড়ে পালায়। সহিংসতার সময় অনেক ভোটকেন্দ্রের মেশিন এবং নির্বাচনী সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়।