বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষসহ জড়িতদের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ফজলে কবির। বুধবার মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সকালে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, ‘আজই (বুধবার) মামলা করা হবে।’
এর আগে, মামলা করতে গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গেছেন।
ফজলে কবির বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত আনার পাশাপাশি দোষীদের বিচারের মুখোমুখি করাই এই মামলার উদ্দেশ্য।
রিজার্ভ চুরির ঘটনা থেকে যারা লাভবান হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত ছিলÑ তাদের এ মামলায় আসামি করা হচ্ছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের সুইফট অ্যাকাউন্ট হ্যাক করে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ছয় কোটিরও বেশি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রিজার্ভ চুরির সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ফিলিপাইনের আদালত রিজাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোষ দাগোতিকে কারাদ-াদেশ ও আর্থিক জরিমানা করেছে।