জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চড়া কেশবপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। তার নাম সোহেল রানা (৪২)। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব সদস্য মিনাজ ও মোখলেছ আহত হয়েছে বলে র‌্যাব দাবি করেছে। নিহত সোহেল পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে।

নিহত সোহেলের স্ত্রী রিনা বেগমের অভিযোগ, তার স্বামী গতকাল রাতে ভীমপুর আমবাগানে তাস খেলা দেখছিল। এ সময় দুই ব্যক্তি মুখে কাপড় বেঁধে এসে তার স্বামীকে ধরে নিয়ে যায়। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, নিহত সোহেল রানা জয়পুরহাট জেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং ফেনসিডিল পাচারকারী ছিল। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে চড়া কেশবপুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী, মাদক কেনাবেচা করছিল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী সোহেল ও আহত র‌্যাব সদস্যদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাদক ব্যবসায়ী সোহেলকে মৃত ঘোষণা করেন। র‌্যাব সদস্যরা চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান জানান, নিহত মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় রয়েছে ৬টি মামলা। র‌্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।