প্রথম লেগে হারা বার্সেলোনা ফিরতি লেগে রীতিমত গোল উৎসব করেছে। খরকুটোর মতো উড়ে গেল সেভিয়া। বিশাল জয়ে কোপা দেল রের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে লা লিগা চ্যাম্পিয়নরা।
কাম্প নউয়ে বুধবার রাতে স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে সেভিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। প্রতিপক্ষটির মাঠে প্রথম লেগে ২-০ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে প্রতিযোগিতাটির শেষ চার নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মাতে বার্সেলোনা। ত্রয়োদশ মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। আর্থারের রক্ষণচেরা পাস থেকে গোলটি করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা আরও বাড়ায় বার্সেলোনা। এই সময়ে আরও চারটি গোল পায় কাতালান ক্লাবটি। আবারও জালের দেখা পান কৌতিনিয়ো। লুইস সুয়ারেসের পাস থেকে গোলটি করেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
ম্যাচের ৫৪তম মিনিচে সের্গি রবের্তোকে দিয়ে গোল করান লিওনেল মেসি। দলকে পঞ্চম গোলটি এনে দেন সুয়ারেস। সেভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন মেসি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জর্দি আলবার পাস থেকে গোলটি করেন এই আর্জেন্টান এই ফরোয়ার্ড।
সেভিয়া একমাত্র শান্তনাসূচক গোলটি পায় ম্যাচের ৬৭তম মিনিটে। এরপর আর শুধু গোল হজম করেই গেছে দলটি। রক্ষণ সামলানোতেই ব্যতিব্যস্ত ছিল তারা।
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল বেতিস। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে সেমি-ফাইনালে উঠেছে দলটি।