সর্বশেষ দেড় বছরে সিনেমা নয়, প্রেম-বিয়ে নিয়েই আলোচনায় এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ নিয়ে সমালোচনাও কম ছিল না।
মাস ছয়েক আগে বিয়ের জন্য সালমান খানের ‘ভারত’ ছেড়ে দেন নায়িকা। সম্প্রতি যুক্ত হয়েছেন বলিউড সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ । শিগগিরই সেই সিনেমার শুটিং শেষ হবে। তারপর?
এবার পরের সিনেমার ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা। জানালেন, অস্কারজয়ী আমেরিকান পরিচালক ব্যারি লেভিনসনের পরিচালনায় ধর্মগুরু মা আনন্দ শীলার ভূমিকায় অভিনয় করবেন।
হলিউডে এটা প্রিয়াঙ্কার চতুর্থ সিনেমা। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র জনপ্রিয়তার সূত্র ধরে ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে এ ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেলিভিশনে টক শোতে অংশ নেন প্রিয়াঙ্কা। সেখানেই ঘোষণা দেন নতুন সিনেমার। তিনি বলেন, “এই সিনেমায় আমার চরিত্রে কোনো রোমান্টিসিজম নেই। শীলা একজন ভারতীয় ধর্মগুরু। আমেরিকানদের মধ্যে যিনি ভক্তি ছড়িয়েছিলেন। তবে এখানকার অনেকেই তাকে চেনেন না।”
সঙ্গে যোগ করেন, সিনেমাটি সফল হলে মা শীলার চরিত্রে আবার অভিনয় করবেন।
নেটফ্লিক্সে মা আনন্দ শীলা ও ওশো আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে ছবিটি খুবই জনপ্রিয়তা পায়। এরপরই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন ব্যারি।
কিছু দিন আগে শোনা গিয়েছিল বলিউডেও মা আনন্দ শীলাকে নিয়ে সিনেমা হবে। ওই ছবিতে অভিনয়ের কথা ছিল আলিয়া ভাটের।