চলচ্চিত্র বা শোবিজ পাড়ায় তারকাদের নিয়ে নানা রকম জোকস প্রচলিত আছে। তার মধ্যে একটা হচ্ছে দিদির গাড়ির বর্তমান ড্রাইভার কে? আরেকটা হচ্ছে শাকিব খানের পাসওয়ার্ড কার কাছে থাকে? এসব জোকসের জবাবটাও বেশ সরেস। যেমন ধরুন শাকিব খানকে নিয়ে বানানো জোকসটার জবাব হচ্ছে শাকিব খানের পাসওয়ার্ড আগে অপু বিশ্বাসের কাছে ছিল, এখন থাকে বুবলীর হাতে। মানুষের এমন মশকরায় খান সাহেব কান দেন কিনা বলা যায় না, তবে রূপালি পর্দায় ঠিকই পাসওয়ার্ড নিয়ে মাথা ঘামাবেন শাকিব খান।
জানা যায়, ‘পাসওয়ার্ড’ নামের একটি নতুন ছবিতে দেখা যাবে ঢাকাই ছবির জনপ্রিয় তারকা শাকিব খানকে। আর এ ছবিতে নায়িকা হিসেবে থাকবেন বুবলী।
গুণী নির্মাতা মালেক আফসারী পরিচালিত এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন মো. ইকবাল ও শাকিব খান নিজে।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ১৫ই ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। এ দিন কমলাপুর এলাকায় ছবির শুটিংয়ে অংশ নেবেন কলাকুশলীরা। এই ছবিতে অভিনেতা সম্রাটসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে বলে জানা গেছে।