রামপুরায় আগুনে পুড়ল ৬ ঘর

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের পাশে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে খিলগাঁও ও তেজগাঁও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের পরিদর্শক আরিফ উল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ৩৯০/২/১ নম্বর মকতি মসজিদ রোডে (রামপুরা টিভি সেন্টারের পশ্চিম পাশে) বৈদ্যুতিক গোলযোগের কারণে সৃষ্ট আগুনে বেশ কয়েকটি টিনশেডের ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, রাত সাড়ে ৯টার দিকে প্রথমে একটি ঘরে আগুন লাগে। পরে তা পাশের পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। বাসিন্দারা দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে প্রাণে রক্ষা পেলেও তাদের ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।