চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে মো. ফারুক (৩৮) নামে এক কাপড় ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় কর্ণফুলীর মইজ্জ্যাটেক মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ। গ্রেপ্তার মো. ফারুক সিরাজগঞ্জের পোতাজিয়া এলাকার বাসিন্দা।
ওসি আলমগীর মাহমুদ দেশ রূপান্তরকে জানান, ‘গ্রেপ্তারকৃত ফারুক কক্সবাজার থেকে গাড়িতে করে মইজ্জ্যারটেক এলাকায় নেমে কর্ণফুলী সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ সদস্যদের সন্দেহ হওয়ায় তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে সে জানায়, গাড়ি পরিবর্তন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে ঢাকায় ইয়াবা পাচার করতে চেয়েছিল।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ফারুক শাহজাদপুরের কাপড় ব্যবসায়ী। দ্রুত বড়লোক হওয়ার আশায় তিনি ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এর আগে দুবার সে ইয়াবা পাচার করেছে বলে পুলিশকে জানায়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।