সকালে নিখোঁজ শিশু, দুপুরে মিলল মৃতদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার ঘণ্টা পর হালিমা আক্তার (৩) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে ১টার দিকে পৌর শহরের ভাদুঘর গ্রামের ভূইয়াপাড়া মহল্লার একটি বহুতল ভবনের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হালিমা ওই গ্রামের মুন্সিপাড়া মহল্লার আমির হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ২নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সোহাগ রানা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা খেয়ে ঘর থেকে বের হওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে ভূইয়াপাড়া মহল্লার একটি পাঁচতলা বিশিষ্ট ভবনের পাশে ওই শিশুর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করেই শিশুটিকে হত্যা করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

সদর থানার ওসি (তদন্ত) জিয়াউল হক বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরিবারের মাধ্যমে জানতে পারি নিখোঁজের পরই বিভিন্ন স্থানে স্বজনরা অনুসন্ধান করে খবর না পেয়ে এলাকায় মাইকিং করে। পরে নিজ বাড়ির মাত্র ৫শ’ গজ দূরেই মিললো তার মৃতদেহ। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মৃতদেহ পাঠানো হয়েছে।