বাগেরহাট পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দুলাল আকনকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় বিভিন্ন অভিযোগের বেশ কিছু মামলা রয়েছে। দুলাল আকন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার শাহজাহান আকনের ছেলে।
বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন গতকাল শনিবার সকালে এই প্রতিবেদককে বলেন, শুক্রবার গভীর রাতে দুলাল আকনকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দুলাল আকন হাড়িখালি, মুণিগঞ্জসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং নানা অপরাধমূলক কর্মকা- শুরু করে বলে পুলিশের কাছে অভিযোগ আসে। এছাড়াও দুলালের বিরুদ্ধে মডেল থানায় হত্যা, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাট জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, দলের দুয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে দুলাল আকন দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকা- চালিয়ে আসছিল।