দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই ইংল্যান্ড

অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে ১১৯ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী ইংল্যান্ডের ১৮৭ রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ৩০৬ রানে থামে জেসন হোল্ডারের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই সফরকারী ইংল্যান্ড।

আগের দিনের ৬ উইকেটে ২৭২ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে উইন্ডিজ। আরো ৩৪ রান যোগ করে থেমেছে দলটি। ড্যারেন ব্রাভো পেয়েছেন ফিফটি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ঠিক ৫০ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখার সময় ৫৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে ইংলিশরা।

রোরি বার্ন ও জয় ডেনলির উদ্বোধনী জুটি যোগ করে ৩৫ রান। বার্নসকে (১৬) ফিরিয়ে জুটি ভাঙেন হোল্ডার। এরপর ১৭ রান করা জনি বেয়ারস্টোকেও ফিরিয়েছেন অধিনায়ক হোল্ডার। ব্যক্তিগত ৭ রানে অধিনায়ক জো রুট ফিরেছেন আলজারি জোসেফের শিকার হয়ে। মায়ের মৃত্যুর খবর শোনে এদিন মাঠে নেমেছেন জোসেফ। এর আগে ব্যাট হাতে করেছেন ৭ রান।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ৩৮১ রানে জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১-০ তে এগিয়ে থাকা দলটি এ ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করবে। ইংল্যান্ড পারবে এই ম্যাচ বাঁচিয়ে সিরিজ বাঁচানোর আশাটাও টিকিয়ে রাখতে?