গরুতে শিম গাছ খাওয়ায় মালিকের হাত কর্তন

পটুয়াখালীর কলাপাড়ায় গরুতে শিম গাছ খাওয়ায় হুমায়ুন (৩৫) নামে এক গরুর মালিকের বাম হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। এ সময় তার ছোট ভাইয়েরও তিনটি আঙুল কেটে দেওয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে নৃশংস এ ঘটনা ঘটে।
আহতের স্বজন শাহ আলম মোল্লা বলেন, হুমায়ুনের গরুতে প্রতিবেশী ছালাম হাওলাদারের শিম গাছ খাওয়ায় তিনি গরুটি বেঁধে রাখেন। ওই গরু আনতে গেলে ছালাম রামদা নিয়ে হুমায়ুনের ওপর হামলা করে তার বাম হাতের কবজি কেটে নেয়। এ সময় তার ডান হাতের তিনটি আঙুলও কেটে দেয় ছালাম। তাকে বাঁচাতে ছোট ভাই সাইদুল এগিয়ে গেলে তারও ডান হাতের তিনটি আঙুল কেটে দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনা আড়াল করতে ছালামের স্ত্রী নাসিমা শরীরে কাদা লেপটে থানায় মামলা করতে এলে পুলিশ তাকে আটক করে। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ছালামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।