দুই ‘মিশন ইম্পসিবল’ সিনেমার তারিখ ঘোষণা

টম ক্রুজ ভক্তদের জন্য সুখবর। প্যারামাউন্ট পিকচার্স আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, পর পর দুই বছরে দুটি ‘মিশন ইম্পসিবল’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়, সিরিজের সপ্তম কিস্তি প্রেক্ষাগৃহে আসছে ২০২১ সালের ২৩ জুলাই। পরেরটি মুক্তি পাবে পরের বছরের ৫ আগস্ট।

‘রোগ নেশন’ ও ‘ফলআউট’-এর মতো ব্লকবাস্টার উপহার দেওয়ার সূত্র ধরে নতুন দুই ছবিরও হাল ধরছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি।

এ সিরিজের মূল চরিত্র ইম্পসিবল মিশনস ফোর্সের (আইএমএফ) এজেন্ট ইথান হান্ট। যার ভূমিকায় অভিনয় করেন টম ক্রুজ। প্রতিটি সিনেমায় দুর্ধর্ষ স্ট্যান্ট করে দেখান তিনি।

এ সিরিজের প্রথম চার কিস্তির পরিচালক ছিলেন চারজন। ম্যাককুয়ারিই একমাত্র পরিচালক যিনি দুটি পর্ব পরিচালনা করেছেন। এবার আরও দুটি ছবিতে সুযোগ পেলেন।

সর্বশেষ সিনেমা ‘ফলআউট’ খুবই প্রশংসা পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। এ ছাড়া সিনেমাটিতে লাফ দেওয়ার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হন টম ক্রুজ। ভেঙে যায় পায়ের গোড়ালি।

১৭.৮ কোটি ডলার বাজেটের ‘ফলআউট’ আয় করে ৭৯.১ কোটি ডলার। আর সিরিজের সব সিনেমার মিলিত আয় ৩৫৭ কোটি ডলারের বেশি।