এলিমিনেটর ম্যাচে তার দল চিটাগং ভাইকিংস দাঁড়াতে পারেনি ঢাকা ডায়নামাইটসের কাছে। হেরে বিদায় নিয়েছে এবারের বিপিএল থেকে। তবু তৃপ্ত, তবু গর্বিত চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম পুরো আসরে তার দলের পারফরম্যান্সে। এবার মুশফিক চোখ রেখেছেন নিউজিল্যান্ডে। যেখানে জয়ের সম্ভাবনা দেখেন তিনি।
গতকাল মিরপুরে চিটাগংয়ের ৬ উইকেটের হারের পর মুশফিক বললেন, ‘সব মিলিয়ে যে দল ছিল ভাইকিংসের সেই দিক থেকে (ভাবলে) এতদূর আসতে পারা অবশ্যই গর্বের।’
মাত্র শেষ করা বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার মুশফিক। ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান। ফিফটি তিনটি। এই আসরে নিজেকে নিয়ে ‘একটু’ সন্তুষ্ট মুশফিক জানালেন, ‘সব মিলে আগের যেকোনো টুর্নামেন্টের চেয়ে একটু সুখী। কিছু কিছু জায়গায় অনেক কঠিন অবস্থা ছিল যেখান থেকে বের হয়ে আসা এবং নিজের কাছেই নিজেকে প্রমাণ করা যে আমি যথেষ্ট ভালো। নিজের কাছে যে যুদ্ধটা ছিল সেদিক থেকে একটু সন্তুষ্ট, বেশি না।’
১৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে। দেশে ভয়ংকর কিউইদের সম্প্রতি ভারত হারিয়ে গেলেও সতর্ক মুশফিক। তবে আগের সফর বিবেচনায় জয়ের সম্ভাবনা ঠিকই দেখেন উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম যা আমাদের জেতা উচিত ছিল। আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাইস্কোরিং ম্যাচ হতে পারে। সেদিক থেকে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’