বেতন বৈষম্য দূরীকরণ ও নতুন বেতন কাঠামোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে একটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার বেলা ২টার দিকে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী সু ইন্ডাস্ট্রিজ (কেএসআই) লিমিটেডের গার্মেন্টস ইউনিটে এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকেরা জানায়,ওই পোশাক কারখানায় কাজ করে প্রায় ১৮ হাজার শ্রমিক। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিলেও দুপুরে উৎপাদন বন্ধ রেখে দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ কোনো সমাধানে না এসে শ্রমিক বিক্ষোভের মুখে বিকেল ৪টায় কারখানা ছুটি ঘোষণা করেন।
কারখানায় কর্মরত কুমকুম, মুন্নী, রুবেল, জামালসহ একাধিক শ্রমিক জানান, নতুন বেতন কাঠামোতে বৈষম্য রয়েছে। এতে পুরোনো শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছে। তাই শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে।
শিল্প পুলিশের একজন সদস্য জানায়, কেইপিজেডের কেএসআই পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৈষম্যের অভিযোগে বিক্ষোভ করেছে। পরে কর্তৃপক্ষ বিশৃঙ্খলা এড়াতে কারখানা ছুটি ঘোষণা করে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউই কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।