বাগেরহাটে যুবক সিলেটে শিশু খুন

সিলেটের গোয়াইনঘাটে বাড়ি থেকে ছয় বছরের শিশু নিখোঁজ হওয়ার পর তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটে জলাশয় থেকে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর :

সিলেট : গোয়াইনঘাট উপজেলায় গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে এক শিশু নিখোঁজ হয়। সন্ধ্যার পর বাড়ির পাশের একটি কবরস্থানে তার গলাকাটা লাশ পাওয়া যায়। খুন হওয়া শিশু দেলোয়ার আহমদ সাহেল উপজেলার ফেনাইকুনা গ্রামের সোয়াব আলীর ছেলে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাগেরহাট : জেলার রামপালে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আঘাত রয়েছে বলে জানায় পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা এলাকায় নির্মাণাধীন বিমানবন্দরের পাশের খাদ থেকে ওই যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও চেক শার্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।