শুরুতে গোল খেয়ে বসলেও হার মানেনি চির প্রতিদ্বন্দ্বীদের কাছে। দ্বিতীয়ার্ধে মালকমের অসাধারণ এক গোলে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।
কাম্প নউয়ে বুধবার রাতে চির প্রতিদ্বন্দ্বী দল দুটির মধ্যকার লড়াইটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচটিতে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও গোলের দেখা পাননি ছন্দে থাকা আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
ম্যাচের ষষ্ঠ মিনিটে গোছানো এক আক্রমণে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। ষষ্ঠ মিনিটে ডি-বক্সে করিম বেনজেমার এক কোণাকুনি পাসে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন লুকাস ভাসকেস।
বার্সেলোনা সমতা ফেরানোর সবচেয়ে ভালো সুযোগটি পায় ম্যাচের ৩৩তম মিনিটে। মালকমের ফ্রি-কিকে ইভান রাকিতিচের হেড গোলরক্ষককে পরাস্ত করলে ক্রসবারে বাধা পায়। ৩৫তম মিনিটে স্বাগতিকদের হতাশ করেন কেইলর নাভাস। কাছ থেকে নেওয়া লুইস সুয়ারেসের জোরালো শটটি ঝাঁপিয়ে রুখে দেন রিয়াল গোলরক্ষক।
১-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে ব্যবধানটা ধরে রাখতে পারেনি অতিথি দল। এই সময়ে তেমন আক্রমণেও যায়নি টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনার অপেক্ষার অবসান ঘটে ম্যাচের ৫৭তম মিনিটে। ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন সুয়ারেস; বল পোস্টে লেগে চলে যায় ডান দিকে অরক্ষিত মালকমের পায়ে। বাঁ পায়ে উঁচু করে নেওয়া শটে জালে বল জড়ান ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
৬৩তম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর বদলি হিসেবে মাঠে নামেন মেসি। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি দারুণ ছন্দে থাকা এই খেলোয়াড়। বাকি সময়ে কোনো গোলের দেখা পায়নি রিয়ালও।
২৭ ফেব্রুয়ারি সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে দল দুটির মধ্যকার ফিরতি লেগের লড়াই। সেমি-ফাইনালে রিয়ালকে হারাতে পারলে টানা পঞ্চমবারের মতো কোপা দেল রে জয়ের পথে আরো কাছে চলে যাবে বার্সেলোনা।