সিরিয়া ও ইরাকের দখল হয়ে যাওয়া অঞ্চলগুলো আগামী সপ্তাহের মধ্যেই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) থেকে পুরোপুরি মুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়, এক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের এসব অঞ্চলকে শতভাগ আইএসমুক্ত করতে তিনি আশাবাদী। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আরও অপেক্ষা করতে চান।
বুধবার ওয়াশিংটনের এক কনফারেন্সে ট্রাম্প আশা প্রকাশ করেন, আগামী এক সপ্তাহের মধ্যে সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত অবশিষ্ট অঞ্চলগুলো শতভাগ উদ্ধার করা হবে।
৭০টি দেশে কর্মরত মার্কিন প্রতিনিধির এ কনফারেন্সে তিনি বলেন, ‘মার্কিন সেনাবাহিনী, মিত্র শক্তি এবং সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স এরমধ্যেই সিরিয়া ও ইরাকের অধিকাংশ এলাকা আইএসমুক্ত করেছে।’
তবে ট্রাম্পের এ বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন সামরিক বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা। তাদের মতে, জঙ্গিবিরোধী কঠোর তৎপরতা ধরে না রাখলে যে কোনো সময় নতুন হামলা চালানোর মধ্য দিয়ে ফিরে আসতে পারে আইএস ।
এর আগে ডিসেম্বরে আইএস হেরে গিয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছিলেন, পরবর্তী ৩০ দিনের মধ্যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে।
এমন ঘোষণার বিরোধিতা করে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তার পদত্যাগের ঘোষণা দেন।
এমনকি রিপাবলিকানসহ দেশের বাইরে মিত্রপক্ষের কড়া সমালোচনার মুখেও পড়েন তিনি। ফলে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া পিছিয়ে দেয়ার কথা বলেন ট্রাম্প।