পাথরঘাটায় হরিণের মাংস, চামড়া উদ্ধার

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে শিকার করা ১ মণ হরিণের মাংস, ১টি মাথা ও ২টি চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পক্ষিদিয়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি হরিণ শিকারি চক্র সুন্দরবন থেকে হরিণ শিকার করে এনে লোকালয়ে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন সংলগ্ন বলেশ্বর ও পায়রা নদীর মোহনার পক্ষিদিয়া এলাকায় অভিযান চালায়। তিনি আরও বলেন, গত বুধবার কোনো এক সময়ে সুন্দরবন থেকে হরিণগুলো শিকার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।