একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গল্পের বই ‘ভূত বলে কিছু নেই’। ৮ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া বইটি প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা শুদ্ধ প্রকাশ। অবাক করার মতো ব্যাপার যে এই বইয়ের লেখকও শিশু। বইমেলার সর্বকনিষ্ঠ এই লেখকের নাম অমর্ত্য রূপাই।
দেশ রূপান্তরকে রূপাই বলেন, ‘এটা আমার প্রথম বই। আজই বইমেলায় এল। অনেক বেশি ভালো লাগছে। এ ভালোলাগা বলে বোঝাতে পারব না।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রূপাই পড়ছেন একটি বেসরকারি স্কুলে। ২০১৬ সাল থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। রূপাই বলেন, ‘মূলত গল্পই লিখি। শুধু ভূত নয়, নানা ধরনের বিষয় নিয়েই আমি গল্প লিখি। মাঝে মাঝে কবিতাও মাথায় ভর করে। তবে এখন গল্প নিয়েই ভাবছি।’
গল্প লিখতে গিয়ে পড়ালেখার কোনো ব্যাঘাত ঘটে না? জবাবে রূপাই বলেন, ‘না। আমি রুটিন মেপে চলি। পড়ার সময় পড়ি। আর অবসরে গল্প লিখি। বিশেষ করে বিকেল বেলায় বেশি লেখালেখি করি।’
রূপাইয়ের দৈনন্দিন জীবনও চলে রুটিন মাফিক। সকালে ঘুম থেকে ওঠা, ধ্যান করা, তারপর পড়তে বসা, স্কুলে যাওয়া। বিকেলে আবার বাসায় ফিরে ধ্যান করে সে, তারপর লেখালেখি বা খেলাধুলা করেন। ক্রিকেট ও ফুটবল- উভয়ই রূপাইয়ের পছন্দের খেলা। রূপাইয়ের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সাধারণ জ্ঞানের বইয়ের প্রতি তার রয়েছে বাড়তি ঝোঁক।
‘ভূত বলে কিছু নেই’ বইটি সম্পর্কে রূপাই বলেন, ‘এই বইটি পড়লে মানুষের ভূত সম্পর্কে ভীতি দূর হবে। আসলে ভূত বলে যে কিছু নেই, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আর বইটি পড়লেই মানুষ জেনে যাবে কী কী যুক্তি তুলে ধরেছি।’
লেখালেখি করলেও রূপাইয়ের স্বপ্ন বিজ্ঞানী হওয়া। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।