সৃজন পাঠচক্রে 'সংখ্যায় বিভক্ত জীবন' ও বিপ্লবের তাৎপর্য নিয়ে আলোচনা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পিএম

বাংলা একাডেমিতে দেশের স্বনামধন্য কবি, লেখক ও সাহিত্যিকদের উপস্থিতিতে সম্প্রতি এক জমজমাট ‘সৃজন পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে।

দুটি ভিন্ন পর্বে সাজানো এই আয়োজনের প্রথম পর্বে উর্দু সাহিত্যিক মোহাম্মদ জামিল আক্তার রচিত এবং কবি হাইকেল হাশমী অনূদিত ‘সংখ্যায় বিভক্ত জীবন’ গল্পগ্রন্থের পাঠ-পর্যালোচনা করা হয়। এছাড়া দ্বিতীয় পর্বে ‘জাতীয় জীবনে বিপ্লবের তাৎপর্য’ বিষয়ে একক বক্তৃতা দেন প্রাবন্ধিক রেজাউল করিম রনি।

অনুষ্ঠানের শুরুতে উর্দু সাহিত্যিক মোহাম্মদ জামিল আক্তারের ‘সংখ্যায় বিভক্ত জীবন’ গল্পগ্রন্থ নিয়ে আলোচনা করেন এর অনুবাদক ও কথাসাহিত্যিক হাইকেল হাশমী।

সৃজন থেকে প্রকাশিত এই গ্রন্থ প্রসঙ্গে তিনি জানান, লেখকের গল্পের ব্যাপ্তি কোনো নির্দিষ্ট ভূগোলে সীমাবদ্ধ নয়; বরং তা যেকোনো স্থান ও সমাজকে নিখুঁতভাবে প্রতিনিধিত্ব করে। এ সময় তিনি বাংলাদেশে উর্দু ভাষার অতীত ও বর্তমান পরিস্থিতি তুলে ধরলেও এর ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন।

অনুবাদককে ধন্যবাদ জানিয়ে প্রাবন্ধিক ড. আনোয়ারুল হক বলেন, বইটি পড়ে তিনি গভীরভাবে অভিভূত হয়েছেন। জন্মনিবন্ধন থেকে শুরু করে মৃত্যুর পর কবর পর্যন্ত মানুষের যাপিত জীবনের প্রতিটি মুহূর্ত কীভাবে সংখ্যার বেড়াজালে বন্দি, লেখক তা অভিনব উপায়ে ফুটিয়ে তুলেছেন। গল্পগ্রন্থটি যেকোনো পাঠককে যুগপৎ চমৎকৃত ও বিস্মিত করবে।

অনুবাদের পরিভাষা ও উৎকৃষ্ট অনুবাদের শর্ত নিয়ে কথা বলতে গিয়ে কবি ও প্রাবন্ধিক ওয়াহিদ জামান উল্লেখ করেন, বইটির গল্পগুলো কেবল নান্দনিক শিল্পগুণমানে সমৃদ্ধ নয়, বরং এগুলো লেখকের গভীর জীবনবোধ ও জীবনের প্রকৃত মূল্যের অনুপম দলিল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘জাতীয় জীবনে বিপ্লবের তাৎপর্য’ শীর্ষক একক বক্তৃতায় কবি ও চিন্তক রেজাউল করিম রনি মানব ইতিহাসের বিভিন্ন বিপ্লবের উত্থান-পতনের নেপথ্য কারণগুলো বিশ্লেষণ করেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিপ্লবের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে লিবারেশন অর্জন করেছিল, কিন্তু ফ্রিডম অর্জন করেছে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে।

বক্তৃতায় তিনি বিভিন্ন যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে নিজের এই বক্তব্যের যৌক্তিকতা তুলে ধরেন।

উপস্থিত ব্যক্তিবর্গ:

অনুষ্ঠানে দেশের বরেণ্য ও উদীয়মান সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন— ড. আনোয়ারুল হক, রেজাউল করিম রনি, রফিক লিটন, তৌহিদ আহাম্মেদ লিখন, ফরিদুল ইসলাম নির্জন, খালিদা তালুকদার, আহমেদ বাসার, হাইকেল হাশমী, জুননু রাইন, সাকিব লোহানী, গাজী গিয়াস উদ্দিন, রেশম লতা, মেহেনাজ আক্তার, উম্মে সায়মা, সুমাইয়া আক্তার প্রিমা, ওয়াহিদ জামান, তনুশ্রী ঘোষ জবা, ফাহিমা আফরিন, পূজা ঘোষ, মাইশা ইসলাম, ফাতেমা আক্তার নিহা, সুদীপ্ত হান্নান, মনসুর আহমেদ খাঁন, সাব্বির আহমেদ সুবীর, জহির আহমেদ, শ্মশান ঠাকুর, আহমেদ রিজভী, নহলী নাফিসা খান, শাবানা নাভেদ, ড. লিপন মুস্তাফিজ, মো. ইব্রাহিম আজাদ, জামিল হাসান, রুদ্র মুহাম্মদ আনারুল, সুরাইয়া জাহান, রাবিবুজ্জামান লিয়াদ, মো. মেহেদী হাসান, ফজজুল হক মাতাব্বর, মোস্তাফিজুর রহমান বাবু, জন এস জাহাঙ্গীর আলম, আহমেদ জুয়েল, আহমেদ বাবু, মো. হাছির বিশ্বাস, মো. জাহাঙ্গীর আলম, সাদমান সজীবসহ আরও অনেকে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত