প্রিয়াঙ্কা চোপড়া। নিউইয়র্কের মাদাম তুসোর মিউজিয়ামে নিজের প্রথম প্রতিকৃতি দেখে মুগ্ধ হলেন অভিনেত্রী। বৃহস্পতিবার প্রতিকৃতির আবরণ উন্মোচন করলেন নিজ হাতে। এরপর মোমের মূর্তির সঙ্গে ছবি তুললেন এ হলিউড-বলিউড অভিনেত্রী।
সেই অনুষ্ঠানের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লেখেন- ‘আমার নতুন মোমের মূর্তি নিউইয়র্ক এর মাদাম তুসোয়।’
প্রতিকৃতিতে পরানো রয়েছে একটি লাল রঙের পোশাক।
২০১৬ সালে ঠিক এমনই একটি পোশাক প্রিয়াঙ্কা পরেছিলেন এমি অ্যাওয়ার্ডে।
প্রিয়াঙ্কা বলেন, ‘নিজের মোমের মূর্তির দিকে তাকিয়ে সত্যিই অদ্ভুত লাগছে।' মাদাম তুসোর ইনস্টাগ্রাম পেজেও এই ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে।
শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়ার আরও একটি মোমের প্রতিকৃতি লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে রাখা হবে।
গত বছর ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবনে গায়ক নিক জোনাসকে বিয়ে করেন ৩৬ বছরের প্রিয়াঙ্কা চোপড়া।
২০১৭ সালে ‘বে ওয়াচ'-এর মাধ্যমে হলিউডে পা রাখেন তিনি। আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো'তে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তার দ্বিতীয় হলিউড ছবি ছিল ‘এ কিড লাইক জেক'।