সাদিও মানে গোল আদায় করে নিলেন। সেই পথে পা বাড়ালেন জর্জিনিয়ো ভিনালডাম ও মোহাম্মদ সালাহও। এএফসি বোর্নমাউথের বিপক্ষে তাই প্রত্যাশিত জয়ই পেল লিভারপুল। দারুণ এই জয়ে ম্যানচেস্টার সিটিকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠে গেছে দলটি।
শনিবার অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৩-০ গোলে হারায় লিভারপুল। লিগে টানা দুই ম্যাচে ড্র করার পর জয়ের দেখা পেল ইয়ুর্গেন ক্লপের দল।
২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। রোববার চেলসির বিপক্ষে খেলবে পেপ গুয়ার্দিওলার দল। যে ম্যাচে তারা জিততে না পারলে শীর্ষে থেকে যাবে লিভারপুলই।
এদিন ম্যাচের ২৪ মিনিটে মানে হেড থেকে গোল আদায় করেন। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ভিনালডাম। বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটে সালহ গোল করে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় লিভারপুলের।
এদিন অন্য ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে সেরা চারে উঠে এসেছে ম্যানইউ।