জজ বাটলার ও বেন স্টোকসের ব্যাটে আগের দিন দারুণ সময় পার করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে বড় স্কোরের স্বপ্ন নিয়ে রোববার দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। কিন্তু কেমার রোচের তোপে গুঁড়িয়ে গেল ইংলিশ লোয়ার মিডল অর্ডার। জলাঞ্জলি দিতে হলো সব স্কোরের স্বপ্নটাও।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড থামল ২৭৭ রানে। মাত্র ৪৫ রানে ৬ উইকেটে হারিয়ে শেষটা তাদের হয়েছে দুঃস্বপ্নের। রোববার ৪ উইকেট তুলে নিয়ে ইংলিশদের দুঃস্বপ্ন উপহার দেন ক্যারিবিয়ান পেসার ক্রেমার রোচ। লাঞ্চের আগেই গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস।
৪ উইকেটে ২৩১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। বাটলার ৬৭ ও স্টোকস ৬২ রান নিয়ে নতুন দিন শুরু করেন। পঞ্চম উইকেটে বাটলার ও স্টোকস ১২৫ রানের জুটি গড়েন। এদিন স্টোকস আর কোনো রান যোগ না করেই ফিরলেন। শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হন তিনি।
এরপর শুরু হয় রোচের তোপ। আগের দিন কোনো উইকেটই পানই এই পেসার। ৭৯ রান করা স্টোকসকে ফিরিয়ে ডানহাতি পেসারের উইকেট উৎসব শুরু। এরপর একে একে ফিরিয়েছেন জনি বেয়ারস্টো (২), মার্ক উড (৬) ও জেমস অ্যান্ডারসনকে (০)। মাঝে মইন আলিকে ফেরান আলজারি জোসেফ।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন কেমার রোচ। ২টি করে উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ ও কিমো পল।
এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছে। তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যে ২-০ তে নিজেদের করেছে ক্যারিবীয়রা।