স্টোকস ও ম্যাককালামের বিরোধের খবর 'বিরাট অতিরঞ্জন' দাবি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অবশেষে নীরবতা ভেঙেছেন। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সাথে তাঁর সম্পর্কের টানাপোড়েন নিয়ে যে গুঞ্জন উঠেছিল, তাকে "বিরাট অতিরঞ্জন" বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

অ্যাশেজ বিপর্যয়ের পর থেকে স্টোকস নিজেকে অনেকটা আড়ালে রেখেছিলেন। ডারহামে অনুশীলনের সময় এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গালের হাড় ভেঙে যাওয়ায় কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর ম্যাচগুলোও তিনি খেলতে পারেননি। সিডনিতে সিরিজের শেষ দিনের পর থেকে সংবাদমাধ্যমের সাথেও সরাসরি কোনো কথা বলেননি তিনি। তবে সম্প্রতি ইসিবির নিজস্ব সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ ম্যাককালামের সাথে তাঁর সমীকরণ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

ম্যাককালামের সাথে তাঁর দূরত্বের গুঞ্জন প্রসঙ্গে স্টোকস বলেন, “নেতৃত্বের জায়গায় যখন দুজন মানুষ থাকে, তখন তারা সব বিষয়ে একমত হবে—এমনটা ভাবা অসম্ভব। স্পোর্টসের জন্য এমন পরিবেশ মোটেও স্বাস্থ্যকর নয় যেখানে সবাই শুধু 'হ্যাঁ' তে 'হ্যাঁ' মেলায়।”

তিনি আরও যোগ করেন, “আমাদের মধ্যে বিতর্কের প্রয়োজন আছে। ঝগড়া নয়, আলোচনার প্রয়োজন। ব্রেন্ডন এবং আমি অনেক বিষয়ে একরকম হলেও কিছু ক্ষেত্রে আলাদা। কিন্তু আমাদের দুজনেরই মূল লক্ষ্য হলো দলকে সফল করা। আমরা ৯৫% ক্ষেত্রে একমত হই, আর বাকি ৫% ক্ষেত্রে আলোচনা করে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছাই। তাই আমাদের মধ্যে মিল নেই বলাটা হবে পুরোপুরি অতিরঞ্জন।”

স্টোকসের বর্তমান চুক্তি ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। সেই বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ বছর পর অ্যাশেজ জয়ের লক্ষ্য থাকবে ইংল্যান্ডের। স্টোকস আশা করছেন, তখন পর্যন্ত তিনি এবং ম্যাককালাম একসাথেই দায়িত্ব পালন করবেন। তবে আগামী ১৮ মাসে দলের কৌশলে কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্টোকসের ভাষায়, “গত চার বছরে আমরা এই দলটাকে নিয়ে যা অর্জন করেছি, অন্য কাউকে সাথে নিয়ে তা করা আমার পক্ষে কল্পনা করা কঠিন। আমরা দুজনেই আমাদের কাজ নিয়ে গর্বিত। আশা করি ২০২৭ সালের শেষেও আমরা একসাথেই ট্রফি জিতব। তবে আমাদের কাজের ধরন হয়তো চার বছর আগের তুলনায় কিছুটা ভিন্ন দেখাবে।”

স্টোকস সম্পর্কের টানাপোড়েন অস্বীকার করলেও, গত অ্যাশেজ সিরিজে বেশ কিছু ক্ষেত্রে অধিনায়ক ও কোচের দর্শনের ভিন্নতা স্পষ্ট হয়ে উঠেছিল। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি-ও স্বীকার করেছেন যে, স্টোকস কিছুটা রক্ষণশীল এবং ম্যাককালাম অনেক বেশি আক্রমণাত্মক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত