বগুড়ায় সৎছেলের লাঠির আঘাতে বাবা নিহত

বগুড়ার নন্দীগ্রামে শ্বশুরবাড়ী থেকে স্ত্রীকে আনতে গিয়ে সৎছেলের লাঠির আঘাতে আরব আলী (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত আরব আলী নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের মোবারক আলীর ছেলে।গতকাল রবিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শনিবার বিকেলে বিজরুল গ্রামে শ্বশুরবাড়িতে সৎছেলে ময়নুল তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।

স্থানীয় এলাকাবাসী জানায়, আরব আলী দেড় বছর আগে একই গ্রামের মর্জিনা বেগম নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ে করেন। এই বিয়ের আগে মর্জিনার আরও দুটি বিয়ে হয়েছিল। গত শনিবার বিজরুল গ্রাম থেকে আরব আলী স্ত্রীকে আনতে গেলে মর্জিনার আগের পক্ষের ছেলে ময়নুল ইসলাম মধু (১৫) মায়ের পক্ষ নিয়ে সৎবাবা আরব আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে।