চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য এক হাজার একর জমি অধিগ্রহণে প্রকল্প নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষ-বেজা। এ জন্য প্রায় ৮৪৬ কোটি টাকা ব্যয় হবে, যার পুরোটা ১ শতাংশ সুদে ঋণ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের কাছে চেয়েছে বেজা। এই অর্থনৈতিক অঞ্চলে আদানি গ্রুপসহ ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
‘মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্ত ভূমি অধিগ্রহণ’ শীর্ষক প্রকল্প প্রস্তাব তৈরি করে গত জানুয়ারি মাসে অর্থ বিভাগে পাঠিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তাতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আওতায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সরকারিভাবে (জিটুজি) ভারতীয় বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। এ জন্য জমি অধিগ্রহণ করে এ এটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রস্তাব অনুযায়ী জমি অধিগ্রহণ কার্যক্রম বাস্তবায়ন হলে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগকারীসহ দেশ-বিদেশের বিনিয়োগকারীরা শিল্প স্থাপন করবে। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে পবন চৌধুরী বলেছেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলটির জন্য জমি অধিগ্রহণে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৮৪৫ কোটি ৮৩ লাখ টাকা। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন মেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন হবে। প্রকল্পটি বার্ষিক ১ শতাংশ সুদে ঋণ গ্রহণের মাধ্যমে সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত প্রকল্পের ওপর গত বছরের ৭ মে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়েছে। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে যে, সরকার হতে নেওয়া ঋণের সুদহার অর্থ বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে।
১ শতাংশ সুদে ঋণ পাওয়ার প্রস্তাব করে বেজা চেয়ারম্যান বলেছেন, ‘বেজা একটি নতুন প্রতিষ্ঠান। অধিক হারের সুদে ঋণ গ্রহণ করে তা পরিশোধের সামর্থ্য এখনো প্রতিষ্ঠানটির তৈরি হয়নি।’
জামালপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মিরসরাইয়ে জমি অধিগ্রহণের দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য ১ শতাংশ সুদে অর্থ বিভাগ থেকে ঋণ নেওয়ার তথ্য তুলে ধরে পবন চৌধুরী বলেছেন, প্রস্তাবিত নাফ ও সাবরাং টুরিজম পার্কের অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও ১ শতাংশ সুদে ঋণ নেওয়ার বিষয়ে অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে দেশটির বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। এতে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাবে। এই অর্থনৈতিক অঞ্চলের জন্য এক হাজার একর জমি অধিগ্রহণ করা হবে। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে ভারত কর্র্তৃপক্ষ। সম্ভাব্য ডেভেলপার হিসেবে ভারতের আদানি গ্রুপ শিল্প স্থাপনে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে।