সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ আটক ৩

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে গৃহবধূ আঁখি বোসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এসআই হাসানুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আঁখির স্বামী অরুপ বোস, শ্বশুর এস.কে বোস ও শাশুড়ি অশোকা বোসকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।তিনি জানান, আঁখির লাশ ঝুলন্ত থাকলেও তার দুটি পা মেঝেতে পাতা অবস্থায় ছিল। তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিন বছর আগে যশোর জেলার কেশবপুরের গড়ভাঙ্গা গ্রামের গোবিন্দ বসুর মেয়ে আঁখির সঙ্গে বিয়ে হয় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের জ্যোতির্বিদ এস.কে বোসের ছেলে অরুপের।নিহতের মা জোসনা বসু ও তার স্বজনরা জানান, অ্যাঁখির শ্বশুর-শাশুড়ি ও তার স্বামী প্রায়ই তাকে মারপিট ও নির্যাতন করত।