বুড়িগঙ্গায় ১১৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গার তীরের উচ্ছেদ অভিযানের তৃতীয় পর্যায়ের প্রথম দিনে গতকাল মঙ্গলবার ১১৮টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোযাম্মেল হক, বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, কামরাঙ্গীরচর থানা ও নৌপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ঢাকা বন্দর) এ কে এম আরিফ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘বুড়িগঙ্গা আদি চ্যানেলে লোহারপুলের পার্শ্ববর্তী শহীদনগর বালুঘাট ও কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকা বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীর তীরে গড়ে ওঠা ৩টি পাকা ভবন (দোতলা), ৩৮টি আধাপাকা ঘর, ৩৫টি টিনের ঘর ও ৪২টি টংঘর উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ৩ একর জমি উদ্ধার হয়।’ আজ বুধবার সকাল ৯টা থেকে নবাবচর হতে বসিলার দিকে অভিযান চলবে বলে জানান তিনি।