মোহাম্মদ মিঠুনের ব্যাটে নিউ জিল্যান্ডের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। ফাইটিং সংগ্রহের দিকে এগুচ্ছে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া মাশরাফী বিন মোর্ত্তজার দল।
৭৩ বলে অর্ধশতক পূর্ণ করেন মিঠুন। এর মধ্যে রয়েছে চারটি চারের মার। তার ব্যাটিং দৃঢ়তায় ৪০ ওভার শেষে বাংলাদেশে রান ৭ উইকেটে ১৮১।
নিউ জিল্যান্ডের বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের সামনে ৪২ রানেই টপ-অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এর মধ্যে দুই অঙ্ক স্পর্শ করার আগেই ফেরেন ওপেনার তামিম ইকবাল, লিটস দাস ও চার নম্বরে ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিম।
দাপটের সঙ্গে ব্যাট চালাচ্ছিলেন সৌম্য সরকার। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। ২২ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৩০ করা এই ব্যাটসম্যান ফেরেন ম্যাট হেনরির বলে কট অ্যান্ড বোল্ড হয়ে।
উইকেটে মাটি কামড়ে পড়ে আছেন মিঠুন। ওয়ানডেতে তৃতীয় অর্ধশতক হাকানোর পথে মাহমুদউল্লাহর সঙ্গে ২৯, সাব্বির রহমানের সঙ্গে ২৩ ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে গড়েন ৩৭ রানের জুটি। আর অষ্টম উইকেটে সাইফউদ্দিনের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে অপরাজিত আছেন।