বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযানের ৮ম দিন

দুদকের আইনজীবীর শ্বশুর বাড়িসহ ১২৪ টি স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা নদীর দুই তীর দখলমুক্ত করতে তৃতীয় ধাপের দ্বিতীয় দিনের (৮ম দিনের) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ। অভিযানে দুদকের আইনজীবী কাজলের শ্বশুরবাড়িসহ ১২৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটায় বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কামরাঙ্গীরচরের খোলামোরা ঘাট থেকে ঝাউচর পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে নৌপরিবহন সচিব জনাব মো. আবদুস সামাদ সরেজমিন পরিদর্শন করেন। গতকাল উচ্ছেদ করা হয়েছে ১৭টি পাকা ভবন, ৩০টি  আধা পাকা ঘর, ২২টি টিনের ঘর, ৫৫টি টং ঘর।

অভিযানে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের শ্বশুর বাড়ির একটি তিন তলা ভবন ভাঙা হয়।

জানা গেছে, সকালে উচ্ছেদ অভিযানে বেশ গতি থাকলেও দুপুরের দিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের শ্বশুর বাড়ির দোতলা সাদা রঙের একটি ভবনের কাছে এসে হঠাৎ থেমে যায় অভিযানের গতি।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নির্দেশে ওই বাড়িটি ভাঙা স্থগিত করা হয়। এ সময় বাড়ির ভেতর থেকে মোশাররফ হোসেন কাজল বেরিয়ে আসলে সাংবাদিকদের এক প্রশ্নর উত্তররে তিনি বলেন, এটি তার শ্বশুরের বাড়ি। বাড়িটি তিনটি রেকর্ড সূত্রে মালিক তার শ্বশুর। সরকার নদী উদ্ধারে কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এরপরও যদি সরকারের প্রয়োজন হয় তবে নিজ উদ্যোগে বাড়িটি ভেঙে দেবেন তারা।’ বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে কোন চাপ নেই তাদের। এখনো সময় রয়েছে। অপেক্ষা করুন আপনারা। এর কিছুক্ষণ পর আবারও শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। এবার প্রথমেই উচ্ছেদ করা হয় মোশাররফ হোসেন কাজলের শ্বশুর বাড়িটি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (ঢাকা বন্দর) এ. কে. এম আরিফ উদ্দিন বলেন, ‘নদীর পাড়ে নির্মিত বাড়ি নির্মাণে বিআইডব্লিউটিএর অনাপত্তিপত্র প্রয়োজন হয়। যা তারা দেখাতে পারেনি। পাশাপাশি বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকেরও অনুমিতে লাগে। বাড়ি নির্মাণে সেই অনুমোদনও নেওয়া হয়নি।’

এদিকে বরাবরে মতো উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এর আগে সকালে উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে নৌ পরিবহন সচিব মো. আব্দুস সামাদ বলেন, ‘অভিযানে কোন সমন্বয় হীনতা নেই। তবে ব্যস্ততার কারণে হয়তো সব অংশীদার এক সঙ্গে কাজ করতে পারছে না। এর আগে গত ৭দিন প্রায় সাড়ে ১২শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ঝাউচর হতে বসিলা অভিমুখে অভিযান পরিচালিত হবে।