দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

শরীফ আলী পেলেন বয়স্কভাতার কার্ড

অবশেষে পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের ৯৬ বছর বয়স্ক শরীফ আলী মুন্সীর ভাগ্যে বয়স্কভাতার কার্ড জুটেছে। দৈনিক দেশ রূপান্তরে গত ৮ ফেব্রুয়ারি ছবিসহ সংবাদ প্রকাশের পর সমাজসেবা অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক শীলা রানীর নির্দেশে কলাপাড়া সমাজসেবা অফিস থেকে শরীফ আলী মুন্সীর হাতে গতকাল বুধবার সকালে এ বয়স্কভাতার কার্ড হস্তান্তর করা হয়। কার্ড হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে শরীফ আলী ধন্যবাদ জানান দেশ রূপান্তরকে।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামে বেড়িবাঁধের ঢালে বড় ছেলের ঘরে আশ্রয় নিয়ে আছেন শরীফ আলী। বৃদ্ধ শরীফ আলীর স্ত্রী নেই। ছেলে শ্রমজীবী থাকায় দিন চলছে চরম অনটনে। চিকিৎসার অভাবে চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন।

বয়স্কভাতার কার্ডের জন্য শরীফ আলী কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। পরে দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর নির্বাহী কর্মকর্তা সমাজসেবা কলাপাড়া অফিসকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। সমাজসেবা অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক শীলা রানী দেশ রূপান্তরকে ধন্যবাদ জানিয়ে এ প্রতিনিধিকে বলেন, সরকারের সামাজিক সুরক্ষা প্রতিটি মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছি। এরকম কোনো অসংগতি আপনাদের দৃষ্টিগোচর হলে জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে সুবিধা দেওয়ার চেষ্টা করব।