ঢাকায় বিএসএফের মেডিকেল প্রতিনিধিদল

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থাপনা দেখতে গতকাল বুধবার চার দিনের সফরে ঢাকায় এসেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি মেডিকেল প্রতিনিধিদল। বিএসএফ সদর দপ্তরের ইন্সপেক্টর জেনারেল (মেডিকেল সার্ভিসেস) ড. তপন বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে রয়েছে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (মেডিকেল সার্ভিসেস) ও তিনজন কমান্ড্যান্ট (মেডিকেল সার্ভিসেস)।

বিজিবি সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল পিলখানায় বিজিবি সদর দপ্তরে ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রতিনিধিদলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।