লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা এলাকায় দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে মাইন উদ্দিন মানু নামে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার চরকাদিরার দ্বিনামাঝির খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে
নিহত মানু পুলিশের তালিকাভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনামাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে দুই ডাকাত দলের অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় মাইন উদ্দিন মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত মানু ওই এলাকার মৃত সুলতান আহমদ পাটওয়ারীর ছেলে। সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কমলনগর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মাইন উদ্দিন মানু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে সদর, কমলনগর ও নোয়াখালীসহ বিভিন্ন থানায় ৫টি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া তিনি একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।