মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে পৃথক রেস্টুরেন্ট ও কনফেকশনারির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে জেলার টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারে ওই অভিযান চালান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, এদিন দুপুর সাড়ে ১২ টা থেকে ২টা পর্যন্ত টঙ্গীবাড়ি বাজারে অভিযান চালান। এসময় একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ, ডাস্টবিন উন্মুক্তভাবে রাখা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বনরুটি বিক্রির অপরাধে বাজারের ক্যান্ডেল পার্ক রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ জুনুনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া একই বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার দায়ে নাভা কনফেকশনারির মালিক মোহাম্মদ রোকনকে ৫ হাজার টাকা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করেন টঙ্গীবাড়ি থানা পুলিশের টিম।
