দুই বাংলার সংস্কৃতিকর্মীদের পদচারণায় আজ (শুক্রবার) চুয়াডাঙ্গার দর্শনায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী ‘অনির্বাণ একুশে নাট্যমেলা’। কবি আহ্সান হাবীবের কবিতার চরণ ‘বুকজুড়ে স্বাধীনতা হও’ এবারের উৎসবের মূল প্রতিপাদ্য। স্থানীয় ডাকবাংলো চত্বরে ১৫ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী এই নাট্যমেলার আয়োজক অনির্বাণ থিয়েটার।
অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকর্মী আনোয়ার হোসেন জানান, আজ সকালে দর্শনা ডাকবাংলো চত্বরে শিশুদের বর্ণলিখন ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে নাট্যমেলার শুভসূচনা হলেও, উৎসবের আনুষ্ঠানিক পর্দা উঠবে সন্ধ্যা ৬টায়। চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি মো. আলী আজগার টগর, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহাবুবুর রহমান, কেরু অ্যান্ড কোম্পানি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এনায়েত হোসেন ও দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান যৌথভাবে এই নাট্যমেলার উদ্বোধন করবেন।