হাটহাজারীতে বিনা মূল্যের ওষুধ ফার্মেসিতে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন গতকাল বৃহস্পতিবার পৌরসভার মিরেরহাট বাজারে তারেক মেডিকেল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয়নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করে দোকান সিলগালা করেছেন।

তা ছাড়া গত বুধবার রাতে পৌরসভার দুটি স্থানে অভিযান চালিয়েছেন ইউএনও। এ অভিযানে মেখল সড়কের নিউ মেডিসিন হাউস নামক ফার্মেসি থেকে ১৬ ধরনের সরকারি বিক্রয়নিষিদ্ধ ওষুধ এবং পৌরসভার বুলবুলির পাড়া এলাকার নকল ভেজাল ঘিয়ের একটি কারখানা থেকে টিন ও প্লাস্টিকের কৌটা ভর্তি ৫০০ লিটার ভেজাল ঘি জব্দ করা হয়। এ ছাড়া এরই মধ্যে অপর দুটি নকল ঘি কারখানা থেকে জব্দ করা ২ হাজার ৭০০ লিটার ঘি ও ঘি তৈরির ক্ষতিকর বিভিন্ন উপকরণ আগুনে ধ্বংস করা হয়েছে।

ইউএনও জানান, দোকান দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। আগে জব্দ করা ঘি আগুনে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।