মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল আর পম্পে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ আশা প্রকাশ করেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের উদারতার ভূয়সী প্রশংসা করেন। রোহিঙ্গাদের তাদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আকর্ষণীয় কূটনৈতিক ও শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতারও প্রশংসা করেন।