হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের মান নিয়ে ক্ষোভ প্রতিমন্ত্রীর

সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের মাতিয়ান হাওরের বাঁধের কাজ পরিদর্শনকালে দায়িত্বরতদের উপর এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বাঁধ পরিদর্শনকালে মন্ত্রী সেখানে ঠিকমতো কেন মাটি পড়েনি, দ্রুত কেন কাজ শেষ হচ্ছে না, এসব বিষয়ে প্রশ্ন করলে পানি উন্নয়ন বোর্ডের উপস্থিত কর্মকর্তারা সদুত্তর দিতে পারেননি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, কাজটা যেভাবে আশা করেছিলাম, সেরকম হয়নি। এটার জন্য এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা আছেন তাদের আরও সচেতন হতে বলেছি। তাদের বলছি, যেভাবে কাজ হয়েছে এই কাজের উপরে কোনো পিআইসিকে (প্রকল্প বাস্তবায়ন কমিটি) টাকা দেব না (কাজের বিল)।

মন্ত্রী বলেন, কাজটা যে মেজারমেন্ট দেওয়া আছে, সে মেজারমেন্ট যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত আমরা কোনো টাকা-পয়সা দিতে রাজি না। আমরা নির্দেশ দিয়েছি, তারা যদি (পিআইসি) কাজ সম্পন্ন করতে পারে, তাহলে হাওর সেভ হবে, পিআইসির জন্য যে টাকা বরাদ্দ আছে তারা তা পাবে। কিন্তু কাজ সম্পন্ন না করে টাকা পাবে না, আমরা কাজ সম্পন্ন না করলে টাকা দিতে রাজি নই। 

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়া উপস্থিত ছিলেন।