সাবেক সেনাপ্রধান মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসিকে ২০৩৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ করে দিতে একটি সংবিধান সংশোধনী প্যাকেজ পাস করেছে দেশটির পার্লামেন্ট।
ডেইলি সাবাহ জানায়, বৃহস্পতিবার ৫৯৬ আসনের পার্লামেন্টে ৪৮৫ ভোটে বিলটি পাস হয়েছে। এখন এটি গণভোটের জন্য দেওয়া হবে।
দুই মেয়াদ মিলিয়ে পাঁচ বছরের মতো ক্ষমতায় আছেন সিসি। বিলটি পাস হলে ২০৩৪ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা এই জেনারেলের দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০২২ সালে।
মিশরের বর্তমান সংবিধান অনুযায়ী দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। দ্বিতীয় মেয়াদে নির্বাচনের আগে সিসি নিজেও এই মেয়াদের বেশি থাকতে চান না বলে জানিয়েছিলেন।
এদিকে সিসির সমর্থকরা তার মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নিলেও সমালোচকরা একে রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব এবং সিসির কর্তৃত্ববাদকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন। এর বিরোধিতা করে এক খোলা চিঠিতে সই করেছেন প্রায় ২০০ রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং লেখক।
আরব বসন্তে গণআন্দোলনের মুখে একনায়ক হোসনি মোবারকের পতনের পর মিশরে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচিত মোহাম্মদ মুরসি। ছয় বছর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান সিসি। পরের বছর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।