গলাচিপা পৌরসভার গেস্টহাউস থেকে নারীর লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার নির্মাণাধীন গেস্টহাউসের দোতলা থেকে শিল্পী (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা-পুলিশ। শুক্রবার বেলা ১১টায় সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহতের স্বামী আল আমিন। উদ্ধারের সময় লাশটির মাথা থেঁতলানো অবস্থায় ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।

থানা-পুলিশ সূত্র জানায়, শিল্পী তার স্বামী আল-আমিনের সঙ্গে তিন দিন আগে ঢাকার সদরঘাট এলাকা থেকে গলাচিপায় আসে। ভাসমান ওই দম্পতি গলাচিপা পৌরসভার নির্মাণাধীন গেস্টহাউসের দোতলায় রাত্রিযাপন করত। গতকাল আল-আমিন ও শিল্পীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়েছিল। ধারণা করা হচ্ছে এ ঘটনা থেকেই স্ত্রী শিল্পীকে হত্যা করে আল-আমিন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। আল-আমিনকে গ্রেপ্তারের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।