অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ফিরেছেন রিশাব পান্ত এবং লোকেশ রাহুল। টি-টুয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেগস্পিনার মায়াঙ্ক মারকান্ডে। ওয়ানডের ১৫ সদস্যের দলে নাম নেই দিনেশ কার্তিকের। ২০১৯ বিশ্বকাপের আগে এটাই ভারতীয় দলের শেষ ওয়ানডে সিরিজ।
নিউ জিল্যান্ড সফরের দল থেকে আরও বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা, খলিল আহমেদ, শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজ। এছাড়া প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে।
বিশ্বকাপের আগের এই টুর্নামেন্টে ভারত মাত্র দুইজন স্পিনার রেখেছে স্কোয়াডে। কুলদ্বীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। পেস আক্রমণে আছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি। আর শেষ তিন ম্যাচে থাকবেন ভুবনেশ্বর। ভুবনেশ্বরের অনুপস্থিতিতে শুরুর ম্যাচগুলোতে স্কোয়াডে থাকবেন সিদ্ধার্থ।
‘এ’ দলের হয়ে ভালো খেলায় প্রথমবারের মতো জাতীয় দলে নেওয়া হয়েছে মায়াঙ্ককে। কার্তিক ওয়ানডেতে না থাকলেও টি-টুয়েন্টিতে টিকে গেছেন।
টি-টুয়েন্টিতে বিশ্রামে থাকবেন ভুবনেশ্বর কুমার এবং কুলদ্বীপ যাদব। টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার ভারত সফর। বল মাঠে গড়াবে ২৪ ফেব্রুয়ারি।
ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, রিশাব পান্ত।
টি-টুয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিশাব পান্ত, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ, মায়াঙ্ক মারকান্ডে।