সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি গতকাল শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের মাতিয়ান হাওরের বাঁধের কাজ পরিদর্শনকালে দায়িত্বরতদের ওপর এ ক্ষোভ প্রকাশ করেন। বাঁধ পরিদর্শনকালে সেখানে ঠিকমতো কেন মাটি পড়েনি, দ্রুত কেন কাজ শেষ হচ্ছে না এসব বিষয়ে প্রতিমন্ত্রী প্রশ্ন করলে পানি উন্নয়ন বোর্ডের উপস্থিত কর্মকর্তারা সদুত্তর দিতে পারেননি।পরে সাংবাদিকদের তিনি বলেন, কাজটা যেভাবে আশা করেছিলাম সেভাবে হয়নি। যেভাবে কাজ হয়েছে এই কাজের ওপর কোনো পিআইসিকে (প্রকল্প বাস্তবায়ন কমিটি) টাকা দেব না (কাজের বিল)। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়া উপস্থিত ছিলেন।