প্রেমিক হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে তো কী হয়েছে? আর ভেঙে পড়া নয়। আবার গান, আবার খুশি, আবার আনন্দ। বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কর যতটা পিছিয়ে পড়েছিলেন, তার চেয়ে দ্রুতগতিতে তিনি ফিরে এসেছেন সামনে। ব্যস্ত হয়ে পড়েছেন গান নিয়ে। একের পর এক গান প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও আর ছবি পোস্ট করছেন। এবার ভালোবাসা দিবসে একটি ভিডিও দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। ভিডিওটি ভালোবাসা দিবসের আগের রাতের। ভিডিওতে দেখা গেছে, এক যুবক হাঁটু মুড়ে বসে আছেন নেহা কাক্করের সামনে। যুবকের হাতে গোলাপের তোড়া। সিনেমার পর্দায় যেমন দেখা যায়, ঠিক সেভাবেই ভালোবাসার মানুষটির কাছে তিনি প্রেম নিবেদন করছেন। ব্যাপারটি নেহা কাক্কর খুব পছন্দ করেছেন। কারণ এই ভিডিওটি তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। নেহা কাক্কর বলেছেন, ছেলেটির নাম দীপাংশু নারং। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শেষ রাতে ব্যাক স্টেজে। ভ্যালেন্টাইন ডে সারপ্রাইজ।’ তিনি আরও লিখেছেন, ‘আমি খুব ভাগ্যবতী, কারণ দীপাংশু নারংয়ের মতো মানুষ পেয়েছি।’ জানা গেছে, ছেলেটি নেহা কাক্করের একজন সহকর্মী।