বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আজকে সরকার অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে। তারা গণতন্ত্রের ভান ধরেছে, তারা মুখে মুখে গণতন্ত্রের কথা বলে।’ গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘মহিলা দল’ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, ‘দেশের মানুষকে সতর্ক হতে হবে যখন এদেশের সরকারকে জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান নব্য স্বৈরাচার বলে অভিহিত করেছে, তখন সেই সরকার মুখে গণতন্ত্রের লেবাস পরে স্বৈরাচারী শাসন চালিয়ে যাচ্ছে। বলাবাহুল্য, একটি স্বৈরাচারী সরকারের চাইতেও গণতন্ত্রের ভানধারী সরকার অনেক বেশি ক্ষতিকর।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির ফল ও প্রহসনের সংসদ ও সরকার’ নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ছয় সদস্যের ‘উদ্বেগের’ বিষয়টি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘দুদিন আগে ছয় কংগ্রেস সদস্য তাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, বাংলাদেশে আজকে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা একটি সন্ত্রাসী নির্বাচনে ২৯ এবং ৩০ ডিসেম্বর ভোট রিগিংয়ের মাধ্যমে সরকারে এসেছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। যেখানে সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে, সেখানে তার মুক্তি হবে না।’
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, জিবা আমিন খান এবং হেলেন জেরিন খান প্রমুখ।