কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফয়জুল কবির নামে অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে শনিবার তার পেটে একটি অস্ত্রোপচার করার কথা রয়েছে। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার ভালো-মন্দ বলা যাবে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তার স্ত্রীর বড় ভাই আব্দুল হেকিম রায়হান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফয়জুল কবির শুক্রবার রাত ৯টার দিকে তার কমলপুর আমলাপাড়াস্থ বাড়িতে যাবার পথিমধ্যে নিউটাউন এলাকায় পৌঁছালে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ধারালো ছুরির ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নিতে চায়।
তিনি তাতে বাধা দিলে তার পেটে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। এ সময় তিনি ওই ছিনতাইকারীকে জাপটে ধরে চিৎকার হৈচৈ শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারীকে আটক করে।
ঘটনার পর গুরুতর আহত ফয়জুল কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বজনরা। সেখানকার জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, স্থানীয় জনতার সহায়তায় ছিনতাইকারী বাবুলকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। আটক বাবুলের বাড়ি ময়মনসিংহে। তার বাবার নাম ইনসান মিয়া। বর্তমানে তিনি ভৈরব শহরের কমলপুর নিউ টাউন এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।