এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ছোটখাটো যে ব্যত্যয় ঘটেছে তা যেন ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্র সংগীত সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দু-একটি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব বা অন্য কারও অবহেলার ঘটনা ঘটেছে। মনে হচ্ছে বিজি প্রেসের কোথাও দু-একটি অব্যবস্থাপনা রয়েছে। সেগুলো ছাড়া এ বছর এখনো পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
তিনি বলেন, এ বছর পরীক্ষায় ছোটখাটো যে ব্যত্যয়গুলো ঘটেছে তা যেন আর ভবিষ্যতে না ঘটে সে জন্য আমাদের যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা শিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বক্তব্যকে স্বাগত জানাই। কিন্তু কথাগুলো কি উদ্দেশ্যে তা তার পরবর্তী কার্যক্রমের মাধ্যমেই বোঝা যাবে।
তিনি বলেন, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতাকারী এবং জঙ্গিবাদী যে ধারণাগুলো আছে সেই ধারণা ও চিন্তাগুলোকে যদি তারা আদর্শ বলে সেই আদর্শকেই ধারণ করেই যদি আরেকটি ভিন্ন নামে সংগঠন করার এটি একটি অপপ্রয়াস কিনা সেটিও আমাদের দেখা দরকার।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।