মাত্র দুটি ছবি করেছেন সারা আলী খান। এরই মধ্যে মুম্বাইয়ের বুকে নতুন ফ্ল্যাট কিনে ফেললেন এই বলিউড সুন্দরী। মা অমৃতা সিংকে ছেড়ে সারা তার এই নতুন বাসায় থাকতে শুরু করেছেন। সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের বিবাহবিচ্ছেদের পর মায়ের সঙ্গেই থাকতেন সারা। জানা গেছে, সারা নিজের জন্য নতুন ফ্ল্যাট কিনেছেন। এই তারকা কন্যা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ফ্ল্যাটের ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে অনেক প্যাকিং করা জিনিসপত্রের সঙ্গে সারাকে। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘একটি নতুন শুরু।’ সারার এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। তবে এ ব্যাপারে সারার পক্ষ থেকে কোনো অফিশিয়াল বিবৃতি আসেনি।
গত বছর ডিসেম্বরে সারার পরপর দুটি ছবি ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ মুক্তি পায়। আর এই দুটি ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। দর্শক সারার অভিনয়ের প্রশংসা করেছেন। শোনা যাচ্ছে, এই বলিউড তারকাকে গোবিন্দর ‘কুলি নম্বর ওয়ান’ ছবির রিমেকে দেখা যেতে পারে। আর তাতে সারা আলী খানের বিপরীতে বরুণ ধাওয়ানের অভিনয় করার কথা আছে। তবে এ বিষয়ে এখনো কোনো পাকাপাকি ঘোষণা দেওয়া হয়নি।