কুমিল্লায় কোচিং সেন্টারের মালিককে ৭ দিনের কারাদণ্ড

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার বর্ণমালা কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর্ণমালা কোচিং সেন্টারের পরিচালক মিজানুর রহমানকে ৭ দিনের কারাদণ্ড- দেওয়া হয়।

শনিবার এ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

কুমিল্লায় কোচিং সেন্টারগুলো বন্ধের জন্য পূর্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্ক করেছিল কুমিল্লা জেলা প্রশাসন। এই নির্দেশনা অমান্য করে বেশ কিছু কোচিং সেন্টার তাদের কর্মকাণ্ড- চালিয়ে আসছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। কিন্তু সরকারি এ নির্দেশনা অমান্য করে মিজানুর রহমান ও ফাতেমা আক্তার স্বামী-স্ত্রী মিলে বর্ণমালা কোচিং সেন্টার  পরিচালনা করে আসছিলেন।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে মিজানুর রহমানকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার নির্দেশিত সময়ে কোচিং চালু না রাখার মুচলেকা নেওয়া হয়।